আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : রবিবার ২৩শে আগস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে প্রশাসনিক অনিয়মের অভিযোগ, অস্বীকার অভিযুক্তদের
সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. নিয়াজুর রহমান ও তার স্ত্রী, সিলেট সদর উপজেলার মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. সুবর্ণা রায় তুলির বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, বদলি-পদায়নে অনিয়ম, কর্মচারীদের হয়রানি এবং সরকারি সুযোগ-সুবিধা ব্যবহারে অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে উপ-পরিচালক মো. নিয়াজুর রহমান দায়িত্ব পালন করলেও দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার স্ত্রী ডা. সুবর্ণা রায় তুলি প্রভাব বিস্তার করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কয়েকজনের অভিযোগ, বদলি ও পদায়ন, অধীনস্থ কর্মীদের শোকজ এবং অন্যান্য প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রেও ডা. সুবর্ণা রায় তুলির প্রভাব রয়েছে। এ ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি এবং সরকারি অর্থ ও বিভিন্ন সুযোগ-সুবিধা ব্যবহারে অনিয়মের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
অভিযোগকারীদের ভাষ্য, প্রশাসনিক দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এ ধরনের প্রভাব দপ্তরের স্বাভাবিক কার্যক্রম এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি করছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত উপ-পরিচালক মো. নিয়াজুর রহমান ও ডা. সুবর্ণা রায় তুলি। তাদের দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য নয় এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ করা হয়েছে।