আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : সোমবার ২৪শে আগস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলা, বাংলাদেশি নিহত; গুলিবিদ্ধ আরেকজন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় ইউসুফ রাজু (৪৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় রাসেল (৩৯) নামে আরেক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২৩ আগস্ট) ভোরে বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের ৮৪২ রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজ্জা’ রেস্তোরাঁয় এ হামলার ঘটনা ঘটে। নিহত ইউসুফ রাজু ও আহত রাসেল—দুজনেরই বাড়ি নোয়াখালী জেলায়।
নিউইয়র্ক পুলিশের তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, রেস্তোরাঁটির কর্মী রাজুর মাথায় গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় ওয়ান ব্রুকলিন হেলথ-ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতাল মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, রাসেলের পায়ে গুলি লাগে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
হামলার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) তদন্ত শুরু করেছে। স্থানীয় সময় রোববার রাত ৯টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
তবে ব্রুকলিনে বসবাসরত নোয়াখালী কমিউনিটির নেতা শহিদুল্লাহ কাইসার দাবি করেন, রেস্তোরাঁয় এক ব্যক্তি খাবারের বিল পরিশোধ না করেই চলে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় রাজু ও রাসেল তাকে বিল পরিশোধ করতে বললে তাদের সঙ্গে ওই ব্যক্তির বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই ব্যক্তি পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান।
নিহত ইউসুফ রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বাসিন্দা। প্রায় তিন বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে যান। ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার বাবা মোহাম্মদ উল্লা ও মা লাকি আক্তার।
নোয়াখালী সোসাইটির নেতা নাজমুল হক মানিক জানান, বাংলাদেশ থেকে রাজুর স্বজনেরা ফোন করে তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করতে অনুরোধ জানিয়েছেন।
আনন্দ বাংলা ডেস্ক