আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : রবিবার ২৩শে আগস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ক্যাপশন নেই
চলতি বছরের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে। সারাদেশে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর। এবার চারটি বিষয়ের ওপর মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
রোববার (২৩ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তাদের ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করেছে।
এর আগে শিক্ষাপঞ্জি অনুযায়ী ১৫ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে জুনিয়র বৃত্তি পরীক্ষা আয়োজনের কথা ছিল। তবে গত ৬ আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত বিশেষ সভায় পরীক্ষা কয়েক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর মঙ্গলবার বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা। এরপর ১০ ডিসেম্বর বৃহস্পতিবার ইংরেজি, ১৩ ডিসেম্বর রোববার গণিত এবং ১৫ ডিসেম্বর মঙ্গলবার বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
বাংলা, ইংরেজি ও গণিত—প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে ১০০ নম্বরে। এসব বিষয়ের জন্য সময় থাকবে তিন ঘণ্টা করে। শেষ দিনে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। দুই বিষয়ের জন্য মোট তিন ঘণ্টা সময় দেওয়া হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা ৩০ মিনিট।
চারটি বিষয়ের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির জন্য নির্বাচন করা হবে। অর্থাৎ মোট ৪০০ নম্বরের ফলাফলই বৃত্তি পাওয়ার ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে।
মাউশির নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার অন্তত সাত দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
পরীক্ষার উত্তরপত্রের ওএমআর ফরম পূরণের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে নির্ধারিত বৃত্ত ভরাট করতে হবে। কোনোভাবেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
পরীক্ষায় বোর্ড অনুমোদিত সাধারণ বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি রয়েছে।
এ ছাড়া কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী মোবাইল ফোন কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না বলে নির্দেশনায় জানানো হয়েছে।